টাঙ্গাইলে ১ হাজার ৬৩ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য জেলার ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার এক হাজার ৬৩টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, বক্স, কালিসহ ভোটগ্রহণের সব সরঞ্জাম বুঝে নেওয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যেই সবকয়টি কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে।
জেলার ৮ টি সংসদীয় আসনে নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বতিতা করছেন । মোট ভোটার ৩৩ লক্ষ ৩৪ হাজার ৪'শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক জানান, আগামী কাল উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলার ৮টি আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৮জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়ন করা হয়েছে।
এর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই