মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে লালমনিরহাটে র্যাবের সভা

মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে লালমনিরহাটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে র্যাব-১৩-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক ও ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে সভায় সুশীল সমাজের প্রতিনিধি, আলোকিত লালমনিরহাট আন্দোলনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জেআ