মধুপুরে বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর পুরস্কার এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা স্বীকৃতি ও সবুজ প্রজন্মের অঙ্গীকার-২০২৬’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে মধুপুর অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান সহিদর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম ইউসুফজি জাই প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার খন্দকার লিলি সরকার, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আ. লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী শিহাব, বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক আহবায়ক মারফত আলী এবং সাবেক কাউন্সিলর বাদশা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তরুণ ও শিশু-কিশোরদের মেধা বিকাশে পাঠাগারের গুরুত্ব এবং জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে ‘বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের স্মারক ও গাছের চারা তুলে দেন অতিথিরা।
ভোরের আকাশ/আ.র