চকরিয়ায় তিন সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত নাজিম কারাগারে

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নাজিম উদ্দিন(৪৬)কে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
নাজিম উদ্দিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কোরবানিয়াঘোনা গ্রামের মৃত খুইল্যা মিয়ার ছেলে। মামলার নথি অনুযায়ী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। একই সঙ্গে মামলার অপর দুই অভিযুক্ত সাহাব উদ্দিন ও নুরুল আলমও জামিন পান।
মঙ্গলবার উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনজন নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত নাজিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগপত্র আদালতে দাখিল না হওয়া পর্যন্ত অপর দুই অভিযুক্তের জামিন বহাল রাখেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া ও অ্যাডভোকেট লুৎফুর রহমান মিনা জানান, মামলার প্রধান অভিযুক্তের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় ছড়াখাল ও আশপাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক এম. জিয়াবুল হকের ডান হাত ভেঙে যায়। আহত হন সাংবাদিক এ.কে.এম ইকবাল ফারুক ও ছোটন কান্তি নাথ।
এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি সাংবাদিক এ.কে.এম ইকবাল ফারুক বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলায় নাজিম উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
ভোরের আকাশ/এম