টেকনাফে যৌথ অভিযানে অপহৃত নুরুল ইসলাম উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান চালিয়ে অপহৃত নুরুল ইসলামকে (৫০) উদ্ধার করেছে পুলিশ, র্যাব এবং বিজিবি। শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টার এ অভিযানে ব্যবহৃত হয়েছে ড্রোন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি।
টেকনাফ থানার এফআইআর নং ৭২, তারিখ ২৩ নভেম্বর ২০২৫–এর মামলার আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধার লক্ষ্যে ভোর ৪টা ৩০ মিনিটে অভিযানে নামে যৌথ বাহিনী। হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প ও নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া অপহরণকারী চক্রের কয়েকটি আস্তানাও ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত এ সশস্ত্র অপহরণকারী বাহিনী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যে জড়িত। অপহরণ মামলার এজাহারনামীয় আসামিরাও এই চক্রের সক্রিয় সদস্য।
সংগঠিত অপরাধ দমনে ও অপরাধী চক্র নির্মূলে টেকনাফে এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নুর।
ভোরের আকাশ/জাআ