উখিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ তিনজন আটক

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর একটি চৌকষ দলের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক বাঙালিকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২৬ সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি রাইফেলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র