সেন্টমার্টিন- টেকনাফ নৌপথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে বঙ্গোপসাগরে একটি স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে গরা নামক এলাকায় ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায়।
এ সময় বোটে থাকা বাকি ৭ জন নিরাপদে উদ্ধার হয়েছে।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হলেন-সেন্টমার্টিনের পূর্বপাড়ার নজির আহমদের মেয়ে মরিয়াম আক্তার (৩৫) ও তার ৬ বছরের মেয়ে মাহিমা খাতুন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট শাহপরীর দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে গরা নামক এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে উল্টে যায়।খবর পেয়ে অন্য একটি স্পিড বোট গিয়ে তাদের উদ্ধার করে।এতে মা–মেয়ে দুজন মারা যায়।এ সময় আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করা হয়েছে।
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, ‘বোন মরিয়মসহ তার দুই ছেলে মেয়েকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিল।ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায়।পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।বোন সন্তানদের নিয়ে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু নদী পার হতেই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়।একই ঘটনায় আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছে।কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, সেটি তদন্ত চলছে।
এদিকে অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট চলাচল করে আসছিল।
ভোরের আকাশ/জাআ