পার্বতীপুর
হত্যা মামলার পলাতক আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি ও একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নির্দেশনায় এসআই সাহেব আলী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকার সাভারের কাতলাপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি মুক্তাহারা মুক্তা (৩৩)-কে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, ২০০৭ সালে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় পরকীয়ার জের ধরে জয়পুরহাট জেলার বাবু (২৬) নামের এক যুবককে হত্যা করা হয়। পরে ভ্যানে করে লাশ এনে পার্বতীপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের মোশাররফ হোসেনের বাড়ির গোয়ালঘরে পুঁতে রাখা হয়। ঘটনার ছয় দিন পর বিষয়টি জানাজানি হলে গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় মুক্তাহারা মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।অন্যদিকে একই রাতে ঢাকার রামপুরা থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ হোসেন (২৫)-কে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভোটগাছ গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ২০১৩ সালে ঢাকার রামপুরা এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকাকালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।পৃথক দুটি বিশেষ অভিযানে এসআই সাহেব আলী তাদের গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসেন। পরে গ্রেপ্তারকৃত মুক্তাহারা মুক্তা ও সাজ্জাদ হোসেনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই