ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের তরুণ নিখোঁজ

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের এক তরুণ নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণে পালঙ্কি সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা। তার পিতা ইকবাল।
স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার বন্ধু আরমানের সঙ্গে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
এ সময় তার সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা, বিচকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ সায়েমকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের লক্ষ্যে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশাসন ও উদ্ধারকারী সংশ্লিষ্টরা নিখোঁজ তরুণকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
ভোরের আকাশ/ র.ই