হাইকোর্টের নির্দেশে গাইবান্ধায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
অভিযানের প্রথম দিনেই দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাঁকোয়া এলাকায় এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন পরিচালিত এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে। এ সময় দুটি অবৈধ ইটভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাইবান্ধার সাত উপজেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ১৬টি। বিপরীতে অবৈধ ইটভাটার সংখ্যা ১০৯টি। দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের অভিযোগ রয়েছে।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট স্থাপনা অপসারণ করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। এসময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলার অবৈধ ইটভাটাগুলো অপসারণের কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।’
ভোরের আকাশ/রই