দুর্বৃত্তদের হামলায় আহত সেইছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল মারা গেছেন। দর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ১২ দিন পর সোমবার (২৬ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
জানা গেছে, গত ১৪ অক্টোবর রাতে হেলমেট পড়া মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই রাউন্ড গুলিও ছুড়ে তারা। পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। ১২ দিন পর মৃত্যুর কোলে ঢুলে পড়েন শাকিল।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
ভোরের আকাশ/ এনউব