বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের ওপর কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, হাজী সেলিম, হাজী আব্দুর রফিক এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় প্রায় ৯৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৩২৬ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুটির দৈর্ঘ্য ৬২৫ দশমিক ৩৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার। সেতুটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল-কেবিএল-ইউসিসি জেভি। ২০২৭ সালের ২৮ এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে নির্মিত সেতুটিতে থাকবে ২৩টি স্প্যান, ১৬৮টি পাইল, ২২টি পিয়ার এবং ৮৬টি গার্ডার। এছাড়া সেতুর এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৬২৫ দশমিক ৫৪৯ মিটার। প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫ দশমিক ৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে সেতু নির্মাণ কাজের সূচনা করা হয়।
ভোরের আকাশ/ র.ই