পিরোজপুর প্রেসক্লাবে সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও সম্পাদক এবং নবনিযুক্ত পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব। জেলাপরিষদ প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া এই আয়োজনে ছিল আন্তরিকতা,স্মৃতিচারনা ও উন্নয়নের প্রত্যাশার আবহ।
রোববার (১০ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদকগন সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বক্তরা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন শুধু একজন প্রশাসক নন, তিনি পিরোজপুর জেলার সাংবাদিকদের অভিভাবক। দীর্ঘদিনের সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার আবেগ ও আত্মার জায়গা। এই প্রেসক্লাবের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রেসক্লাবের এই ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
ভোরের আকাশ/নি