মেয়ের সংসারের ঝগড়া মেটাতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন

গাজীপুরের শ্রীপুরে মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন নিহতের জামাই ফিরোজ।
নিহত হাফিজ উদ্দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামের সাহাবউদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুরের সলিং মোড় এলাকায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযুক্ত ফিরোজ একই উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ঘটনার পর তিনি ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহতের পরিবারের ভাষ্য, বিভিন্ন বিষয় নিয়ে ফিরোজ ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বিষয়টি জানতে মেয়ের বাড়িতে যান হাফিজ উদ্দিন। এ সময় মেয়ের স্বামী ফিরোজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ফিরোজ বাঁশের লাঠি দিয়ে শ্বশুর হাফিজ উদ্দিনকে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে হাফিজ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/সু.পা