খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহতের পকেটে ৯৫০ পিস ইয়াবা

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. এনামুল হক (৪৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পকেট তল্লাশি করলে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ইয়াবাগুলো জব্দ করে।
পুলিশ জানায়, আটক এনামুল হক চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকার মো. রাজা মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব