ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্যে দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে দেওয়া এক বিতর্কিত বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আপত্তিকর ও অসংলগ্ন শব্দ ব্যবহার করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
ফেসবুক পোস্টে শামীম আহসান তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “গত শনিবার রাতে পাথরঘাটায় এক নির্বাচনী জনসভায় দেওয়া আমার একটি বক্তব্যে অনেকেই মর্মাহত হয়েছেন। মূলত বিগত স্বৈরাচারী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রেক্ষাপট তুলে ধরতে চেয়েছিলাম। তবে বিষয়টি উপস্থাপনের ক্ষেত্রে আমার শব্দচয়ন ও প্রকাশভঙ্গিতে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। এই অনভিপ্রেত ভুলের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সমীচীন ভাষা ব্যবহারের ব্যাপারে সচেষ্ট থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকা আমাদের নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে। রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও ভুল সংশোধনের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
উল্লেখ্য, ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা শামীম আহসানের তীব্র সমালোচনা করেন। সমালোচনার প্রেক্ষিতেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
ভোরের আকাশ/মো.আ.