যারা নাশকতা করবে তাদের রাজনীতিতে ঠাঁই হবে না: আযম খান

বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোন ঠাঁই হবে না। লক ডাউনের কথা বলে দেশে কে অনিশ্চয়তা তৈরীর পাঁয়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়, দেশের উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার দেখতে চায়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াই পাড়া গ্রামে দুর্ঘটনায় আহত অটো চালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল -সখিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান সাংবাদিকদের এ সব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর সে অনিশ্চয়তা কেটে গেছে। তার ভাষনে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এবং সমস্ত প্রশাসন গুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আযম খান আরও বলেন, নির্বাচন সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত আছে, এখন কোন ব্যক্তি বা এক ব্যক্তির একদল এরকম দল যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনে কোন প্রভাব পড়বে না বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। আমি মনে করি নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আসবে সেই সকল রাজনৈতিক দল নিয়েই আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিবে, জনগণের ভোটের মধ্য দিয়েই জয়-পরাজয় নির্ধারিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি'র সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, বাবুল সিকদার , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমূখ।
ভোরের আকাশ/তা.কা