মাদক নির্মূলে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, বাংলাদেশ থেকে মাদক নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের বিভিন্ন ধরনের খেলাকে সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করছেন। খেলাধুলার সুযোগ বাড়লে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতিই এর প্রমাণ। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শৃঙ্খলা শেখায়, ধৈর্যশীলতা ও মননশীলতা বাড়ায়। সবাইকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আটটি দল নিয়ে গত ২৩ আগস্ট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
রোববার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মেলান্দহ উপজেলা একাদশ ও সরিষাবাড়ী উপজেলা একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে সরিষাবাড়ী উপজেলা একাদশ ৪-৩ গোলে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলা উপভোগ করতে স্টেডিয়ামে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
ভোরের আকাশ/সু.পা