কৃষকদের কল্যাণে সরকারের বহুমুখী উদ্যোগ: শামীম তালুকদার

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকদের জন্য ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে জামালপুর জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি বলেন, দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে কৃষকদের ভূমিকা অপরিহার্য। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার বাস্তবভিত্তিক নানা কর্মসূচি হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের সরকারি সব ধরনের সুবিধার আওতায় আনা হচ্ছে।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহসহ স্থানীয় কৃষক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাবেশে কৃষক কার্ডের আওতায় ঘোষিত ১০টি বিশেষ সুবিধা এবং কৃষিঋণ মওকুফের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যা কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
ভোরের আকাশ/এনউব