নড়াইলে মাদ্রাসা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নড়াইলে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর সরদারের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা তাফসির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে ডুমুরতলা তাফসির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরদিন ২৮ আগস্ট বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন। পরে পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। তদন্তের সময় ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মামলা দায়েরের ১০ ঘণ্টার মধ্যে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালায়।
সেখান থেকে এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা