জীবননগরে আন্তজার্তিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী অধিকার'এই প্রতিপাদ্যে জীবননগরে আন্তজার্তিক নারী দিবস পালন হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগেদিবসটি পালন উপলক্ষে রোববার বেলা ৩ টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন,সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারী সমাজ কে বাইরে রেখে একটি দেশ কখনোই এগিয়ে যেতে পারে না। নারীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব না। পরিবার থেকে রাষ্ট্রের সবজায়গায় নারীদের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদানের সুযোগ করে দিতে হবে। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। কন্যা সন্তানকে পুত্র সন্তানের মতই সমান সুযোগ সুবিধা দিয়ে গড়ে তুলতে হবে। পাশাপাশি নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নারী সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ