সিদ্ধিরগঞ্জে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় চিটাগাং রোড এলাকায় যানজট নিরসন ও ফুটপাতে চলাচলে জনভোগান্তি কমাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
রোববার (৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কের সার্ভিস লেনে গড়ে ওঠা প্রায় চার শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে।
নারায়ণগঞ্জ সওজ বিভাগ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় নারায়ণগঞ্জ সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান মজুমদারসহ সিদ্ধিরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, স্থানীয় প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কের সার্ভিস লেন দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানবাহন ও ইপিজেডগামী শ্রমিক ও সাধারণ যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। ফলে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হতো। আজকের অভিযানের ফলে ওই লেনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি পুনরায় কেউ বা যারা সড়ক দখল কওে অবৈধ স্থাপনা গড়ে তোলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়ক সচল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।
ভোরের আকাশ/এসএইচ