জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল রহিম এ আদেশ দেয়।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়িমহলপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে জনি মিয়া। আদালতে আসামী জনি অনুপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর এলাকার হমিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সাথে পাশের এলাকার জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি মিয়া তার স্ত্রী তমা খাতুনের কাছে অটোরিক্সা কিনার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। পরে তমা খাতুন বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা যৌতুক দিতে রাজি হয় না। এ নিয়ে তমা খাতুন ও জনি মিয়ার সংসারে অশান্তি চলতে থাকে। পরে ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে জনি মিয়া তমাকে মারধর করে এবং এক পর্যায়ে তমা মারা যায়। পরে জনি এবং তার পরিবারের লোকজন বিষয়টি আত্নহত্যা দেখানোর জন্য তমার মরদেহ ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রাখে।
এ ঘটনার পর ওই বছরের ৬ এপ্রিল তমা খাতুনের মা উম্মে কুলছুম জনি মিয়াকে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এই মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মামলার প্রধান আসামী জনি মিয়াকে মৃত্যুদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে এবং বাদী পক্ষের আসামীদের খালাস প্রধান করে। এ সময় আসামী জনি অনুপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব