চিতলমারীতে চিত্রা নদীর পাড়ে ময়লার ভাগাড়, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বাগেরহাটের চিতলমারী উপজেলার কোটি টাকার একটি ব্রীজের নিচে চিত্রা নদীর (মরা খাল) পাড়ে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা যায়, চিতলমারী বাজারের একশ্রেণির মানুষ প্রতিদিন সন্ধ্যার পর ব্রীজে ওপর থেকে নিচে নদীর পাড়ে ময়লা ফেলে দেয়। এতে করে ধীরে ধীরে সেখানে পাহাড়সম আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে প্রতিবেশী চা বিক্রেতা বিপুল তালুকদার বলেন, “ময়লা বহনকারী গাড়িটি দীর্ঘদিন ধরে সচল না থাকায় অনেকেই বাধ্য হয়ে এখানে ময়লা ফেলছে।”
চিতলমারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. সোয়েব হোসেন গাজী জানান, “ওখানে আগের কিছু ময়লা ছিল। ঈদের ছুটির কারণে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা সম্ভব হয়নি। খুব দ্রুতই এগুলো অপসারণ করা হবে।”
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, “কেউ যদি নদী বা মরা খালে ময়লা ফেলে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত ময়লা অপসারণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
ভোরের আকাশ/ র.ই