সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের প্রতিযোগিতা।
উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্কাউট ও কাব একটি আন্তর্জাতিক আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়মকানুন মেনে চলা এবং জীবনের নানা বাধা-বিপত্তি মোকাবিলার শিক্ষা পায়। প্রাথমিক পর্যায়ে কাব আন্দোলন আরও বিস্তৃত করার পাশাপাশি এ কার্যক্রমে অধিকসংখ্যক শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও চালিয়ে যেতে হবে। কিছুদিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের কম বয়সী শিক্ষার্থীদের নিয়েও নতুন একটি কার্যক্রম শুরু করা হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে গট্টি ও বল্লভদী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পর্যায়ক্রমে বাকি ছয় ইউনিয়নের শিক্ষার্থীরাও এতে অংশ নেবে।
ভোরের আকাশ/রই