দুর্নীতি ও জবাবদিহির অভাবে সাধারণ মানুষ বঞ্চিত- হাসনাত আব্দুল্লাহ

দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রীকরণ, দুর্নীতি ও জবাবদিহির অভাবে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। ১১ দলীয় জোট সেই অবস্থার পরিবর্তনে একটি দায়িত্বশীল রাজনৈতিক বিকল্প হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য শুধু একটি নির্বাচন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তরুণ সমাজ, নারী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখ্যপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর আহ্বায়ক মো. তরিকুল ইসলাম।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখ্যপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তরুণ সমাজকে সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্র সংস্কারের পথে এগোতে চাই। ১১ দলীয় জোট কেবল একটি নির্বাচনকেন্দ্রিক জোট নয়, এটি একটি গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলন।
তিনি আরও বলেন, দিনাজপুর-৫ আসনের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়ায়, তাহলে এই অঞ্চল উন্নয়ন ও ন্যায়ের একটি মডেল হিসেবে গড়ে উঠবে। আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক কর্মসূচির রাজনীতি করতে চাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন। পদযাত্রায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে জনগণের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
ভোরের আকাশ/ র.ই