পরানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহাদৎ হোসেনের স্মরণসভা

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদ্য প্রয়াত সভাপতি সাহাদৎ হোসেনের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় মরহুম সাহাদৎ হোসেনের শিক্ষাক্ষেত্রে অবদান, সামাজিক নেতৃত্ব এবং ব্যক্তিগত সততার বিষয়গুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. এ. মতীন।
তিনি বলেন, “সাহাদৎ হোসেন ছিলেন একজন নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার অবদান মান্দাবাসী চিরদিন স্মরণ রাখবে।”
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মুহা. আব্দুর রাকিব, ওলামা জামায়াতের সভাপতি ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন, উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মুহা. আব্দুর রকিব, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ, বর্তমান সহকারী শিক্ষক লাভলি আক্তার ও ছাত্রদল নেতা হেলাল হোসেন হিল্লোল প্রমুখ।
বক্তারা বলেন, সাহাদৎ হোসেন একজন দক্ষ সংগঠক, দায়িত্বশীল অভিভাবক এবং শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। পরানপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বিদ্যালয়, পরিবার ও সমাজে অপূরণীয় ক্ষতি হয়েছে।
স্মরণসভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুম সাহাদৎ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ভোরের আকাশ/জাআ