মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাগুরা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
পুলিশ জানায়, কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভারি ১৩৫ সিসি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভোরের আকাশ/আ.র