ঝিকরগাছায় দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা

যশোরের ঝিকরগাছায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ মসলেহ উদ্দিন ফরিদ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও হিন্দু-মুসলিমের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে তাঁরা আশাবাদী। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বাজারদর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু।
এ ছাড়া বক্তব্য দেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদন নবী মুরাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ স্বপ্না পারভিন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব