নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, যথাসময়ে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি জনগণ মেনে নেবে বলেই আমাদের বিশ্বাস।”
দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে তিনি জানান, প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নানা আয়োজনে এ সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই সম্মেলনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে।”
তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের মন্তব্য এবং আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান মির্জা ফখরুল।
সম্মেলনস্থল পরিদর্শনের সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/হ.র