ব্রাহ্মণবাড়িয়ায় জগৎ বাজারে নোংরা পরিবেশে সরিষার তৈল তৈরি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা শহরের অন্যতম পুরাতন বাজার 'জগৎ বাজার' এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে দেখা যায়, যমুনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তৈল প্রস্তুত করা হচ্ছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, সরিষার তৈল অনেক ক্ষেত্রে সরাসরি খাওয়া হয় বিধায় এটি সরাসরি খাদ্যদ্রব্য বিবেচনা করা হয়; তাই অনান্য সরাসরি গ্রহণ করা খাদ্যের মতোই সরিষার তৈল যথাযথ স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুতি জরুরী।
তিনি যথাযথ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ করে তৈল তৈরির নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানটিকে সতর্ক করেন। ভোক্তা অধিকার সুরক্ষায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ র.ই