সীমান্ত দিয়ে আসা অস্ত্র জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: বিজিবি সেক্টর কমান্ডার

সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা অস্ত্র দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকা পরিদর্শন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, “যেদিক দিয়েই হোক না কেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনী দায়িত্বও পালন করবে বিজিবি সদস্যরা।”
এদিন চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন রঘুনাথপুর সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় প্রায় ৩০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা।
ভোরের আকাশ/এসএইচ