সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদস্যরা চানপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে সর্বমোট ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/রই