নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক হত্যা: ৫ দিন পর মূল আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি মো. রিফাত হোসেনকে (২০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করা হয়। নিহত মিঠু হোসেন উপজেলার সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। গ্রেফতার রিফাত হোসেন উপজেলার পাত্রাবাড়ী গ্রামের লুৎফর রহমান বাবুর ছেলে।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
বদলগাছী থানা পুলিশ জানায়, হত্যার ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার আশুলিয়া থানার কুড়গা এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত জানায়, ঘটনার রাতে সে মিঠুর ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছিল। পথে পূর্ব শত্রুতার জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় রিফাত। গ্রেফতার এড়াতে সে প্রথমে রাজশাহী এবং পরে ঢাকায় গিয়ে আত্মগোপন করেছিল।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ঘটনার পাঁচ দিন পর ভ্যানচালক মিঠু হত্যার রহস্য উদঘাটন হলো। গ্রেফতার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ