জামালপুরে শিশুকে যৌন নিপিড়নের চেষ্টা, নৈশপ্রহরী গেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ‘দুর্গা বাগান বাড়ি’ নামক একটি বিনোদন কেন্দ্রের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) দুপুরে শিশুটি বাড়ির পাশের দুর্গা বাগান বাড়ি পার্কে খেলাধুলা করতে যায়।
এসময় নির্জনতার সুযোগ নিয়ে নৈশপ্রহরী খালেক শিশুটিকে পার্কের রান্নাঘরে ফুসলিয়ে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে এবং পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি জানাজানি হয়।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার রাতেই দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ মে) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই