আনসার সদস্যের ছেলের অনন্য সাফল্য, যশোরে সংবর্ধনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্যের ছেলে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করায় তাকে সংবর্ধনা দিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ।
রোববার (৬ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের ছেলে এবং পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন।
এ সময় তিনি বলেন, একজন আনসার সদস্যের সন্তানের এ সাফল্য শুধু তার পরিবারের নয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই গর্বের বিষয়। এ ধরনের অর্জন বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশসেবায় আত্মনিয়োগে অনুপ্রেরণা জোগাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে এএসপি মো. বাচ্চু রহমান তার এ সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান আল্লাহর অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করতে পেরেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অর্জন প্রমাণ করে যে সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও পারিবারিক মূল্যবোধ একজন তরুণকে রাষ্ট্রীয় সেবায় গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে পারে। একই সঙ্গে এ সাফল্য দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, মেধা বিকাশ এবং দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এএসপি মো. বাচ্চু রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সফলতা কামনা করা হয়।
ভোরের আকাশ/জেআ