মরহুমা বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে কেসিসি আয়োজিত দোয়া মাহফিল

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালে নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে স্বল্প সময়ে একটি সম্পদশালী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যান।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার ১৫ আগষ্ট বাদ আসর কেসিসি পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে এ কথা বলেন। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেসিসি প্রশাসক দেশের এই মহীয়সীর জন্মবার্ষিকীতে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে আরো বলেন, তারই প্রিয় সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে একটি সমৃদ্ধ ও ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করছেন। তিনি মহান রাব্বুল আলআমিনের কাছে প্রধানমন্ত্রীর সকল প্রচেষ্টার সফলতা কামনা করেন।
মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: ইমরান উল্লাহ।
খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক জাফরুল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মো. আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/রই