খাবারে তেলাপোকা
তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরীর তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা মোড় সংলগ্ন বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে হান্ডি রেস্টুরেন্টে। পরিদর্শনের সময় রান্নাঘর ও খাদ্য সংরক্ষণস্থলে অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি খাবারের মধ্যে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে সিপি ৫ স্টার রেস্টুরেন্টে দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে খাবার ভাজা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে জামান রেস্টুরেন্টে পুরোনো বেগুনি, বাসি খাবার বিক্রি এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার প্রস্তুতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, অভিযানের সময় একাধিক প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া যায়। এসব অপরাধের জন্য আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/রই