ধামইরহাটে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ড্রেনে নবজাতকের মরদেহ ভেসে যাওয়ার খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টা করেও প্রথমে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সজল কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতা ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রচেষ্টায় মতিবুল ফার্মেসির নিচের ড্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নবজাতকের মরদেহ কীভাবে ড্রেনে এলো, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নবজাতকের মরদেহ কীভাবে ড্রেনে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা