মধুখালী ডায়াবেটিক সমিতির দশক পূর্তি উৎসব

ফরিদপুরের মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে মুদ্রিত স্মরণিকার প্রকাশনা এবং সমিতি কর্তৃক চিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। শনিবার বিকালে শাহাবাগস্থ বারডেম মিলনায়তনে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্জিনিয়ার জাওয়াদুল করিম-এর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর সভাপতি জাতীয় অধ্যাপক ডাঃ এ.কে.আজাদ খান।
সভায় বক্তব্য দেন সর্বজনাব মো. সাইফ উদ্দিন, বাডাসের মহাসচিব অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহবুব, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ মির্জা মাহবুবুল হাসান, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম এর কন্যা- অধ্যাপক ডাঃ হাজেরা মাহতাব; নাতনি- ডাঃ ফারজানা বিলকিস ইব্রাহিম, নাতি- কিসমাত হোসেন, মধুখালী ডায়াবেটিক সমিতি সভাপতি আবু সাঈদ মিয়া, দাতা সদস্য মো. আবুল বাসার খান, স্মরণিকা প্রকাশনা কমিটির সভাপতি ও সাবেক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, স্মরণিকা কমিটির সম্পাদক ও সাবেক সচিব ড. মো. জাহাঙ্গীর হোসেন।
সভার শুরুতে সমিতির যে সকল সম্মানিত সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য জনাব মো. আলমগীর হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/জাআ