ভাইরাল বিতর্কের মধ্যেই বদলি হলেন আশুগঞ্জ ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।
এর আগে, রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হলে আশুগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন।
এ অভিযোগকে কেন্দ্র করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।তবে অভিযোগ অস্বীকার করে রাফে মোহাম্মদ ছড়া সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেদিন রাতে দায়িত্ব পালন করলেও কোনো গুলির ঘটনা ঘটেনি। তার দাবি, বিষয়টির সাক্ষী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।
তিনি আরও বলেন, অবৈধ বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ভাইরাল পোস্টে উত্থাপিত অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ অবস্থায় ভাইরাল বিতর্কের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বদলির সঙ্গে ভাইরাল অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ভোরের আকাশ/ইউএম