বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম নিলেন খলিল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক খলিল চৌধুরী ও মুসলিম উদ্দীন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির দুঃসময়ের কর্মী এ দুই প্রার্থী। ফলে ইউনিয়নটিতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুজনের নাম সামনে এসেছে। খলিল চৌধুরী লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সক্রিয় কর্মী। অন্যদিকে, আসন্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মুসলিম উদ্দীন সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
বার্তায় তিনি বলেন, “তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের ডাকে সাড়া দিয়ে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই। ভুলত্রুটি ক্ষমা করে আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিয়ে এগিয়ে নেবেন-এটাই আমার প্রত্যাশা। এ ব্যাপারে সাংবাদিক খলিল চৌধুরী বলেন, সমৃদ্ধ লোহাগাড়া গড়ার অঙ্গীকার নিয়ে আমিরাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তর করতে চাই। আমার স্বপ্ন, আমিরাবাদ ইউনিয়ন হবে আধুনিক শহর আর লোহাগাড়া উপজেলা সদর গড়ে উঠবে একটি সুপরিকল্পিত পৌরনগর হিসেবে। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য দলীয় প্রার্থীদের তথ্য সংগ্রহ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এ-সংক্রান্ত সার্চ টিমের অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। তবে চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তাফা আমিনকে স্থানীয় নির্বাচনসংক্রান্ত এই সার্চ টিমের কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি। উপজেলার নয়টি ইউনিয়নে ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে ইউনিয়নভিত্তিক যাচাই-বাছাই শেষে সম্ভাব্য দলীয় প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২ নম্বর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য দুই প্রার্থীকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সার্চ টিমের প্রধান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দলের দুঃসময়ে ভূমিকা রাখা এবং বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত কর্মীদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব