নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রি, ২ প্রতিষ্ঠানে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ এর ৪(খ) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে।
অভিযানে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত মেসার্স সুরুজ স্টোর থেকে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শিবু মার্কেটের আব্দুল্লাহ আল-মামুন স্টোর থেকে প্রায় ১০ কেজি পলিথিন জব্দ করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
ভোরের আকাশ/ র.ই