দুর্গাপূজায় চুনারুঘাটের পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আর্থিক অনুদান

হবিগঞ্জের মাধবপুর এলাকার কৃতি সন্তান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের দিনগুলোতে পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে কানাডায় অবস্থান করলেও, নিজ এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী চুনারুঘাটের মণ্ডপগুলোর প্রতি তার সুনির্দিষ্ট নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় প্রতিনিধিরা এই সম্প্রীতি কার্যক্রম পরিচালনা করেন।
পূজা উদযাপন চলাকালীন সময়ে চিফ প্রসিকিউটরের প্রতিনিধি হিসেবে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা আহাম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা বিনিময় করেন এবং পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেন।
মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন—আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের প্রজন্মের আহ্বায়ক কামরুল হাসান শামীম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্য আসাদুজ্জামান শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিদেশে অবস্থান করলেও এলাকার মানুষের সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে তিনি আন্তরিক। তার পক্ষ থেকেই আমরা পূজামণ্ডপগুলোতে এসে ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছি ও অনুদান প্রদান করছি।
মাধবপুরের সন্তান হিসেবে প্রবাসে অবস্থান করেও পাশের এলাকার পূজামণ্ডপগুলোর খোঁজখবর নেওয়া এবং উৎসবের মুহূর্তে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তারা চিফ প্রসিকিউটর এবং মণ্ডপে আসা স্থানীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দ দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তারা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং উৎসব চলাকালীন যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
ভোরের আকাশ/আ.র