কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় জামাল মিস্ত্রী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী 'মধুমতি এক্সপ্রেস' ট্রেনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে জামাল মিস্ত্রী তার মোটরসাইকেল নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাদ্দাম বাজার রেল গেট অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জামাল মিস্ত্রী পেশায় একজন (সাব) কন্ট্রাক্টর ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝার এলাকার আব্দুর সাত্তার আলীর ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী এবং চার সন্তানসহ রেখে গেছেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ভোরের আকাশ/তা.কা