বগুড়ায় ৩ শত কবির মিলনমেলা: অনুষ্ঠিত হলো ‘সাহিত্য উৎসব-২০২৬’

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রাচীন ও ঐতিহ্যবাহী নগরী বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩০০ জন কবির অংশগ্রহণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার উদ্যোগে আয়োজিত এই উৎসবের শুরুতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
বগুড়া সাহিত্য উৎসব ২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন।
দিনব্যাপী এই সাহিত্য আসরে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, প্রাণবন্ত কবি আড্ডা এবং 'তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা' শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এছাড়া অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবের উদ্দেশ্য তুলে ধরে সদস্য সচিব এইচ আলিম বলেন, "আমাদের মূল লক্ষ্য তরুণ ও নবাগত কবিরা যেন তাঁদের লেখার মধ্য দিয়ে সর্বত্র আলোর দ্যুতি ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে পারেন। এতে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের।
এছাড়া আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনজু খন্দকার, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন খান ও সমন্বয়ক কবি লিপি আক্তার।
আয়োজক ও আমন্ত্রিত বক্তারা আশা প্রকাশ করেন, উত্তরবঙ্গের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু বগুড়ায় এই আয়োজন তরুণদের মেধা ও মুক্তচিন্তার বিকাশে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।
ভোরের আকাশ/ এনউব