ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।
সেবা গ্রহীতাদের হয়রানি লাঘব, ভূমি অফিস সমূহে উন্নত পরিবেশ ও অল্প সময়ের মধ্যে ভূমির সেবা নিশ্চিত কল্পে সারাদেশে ই-নামজারিসহ ডিজিটাল কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর সকালে) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাদ্যমন্ত্রী বলেন, এতদিন জরাজীর্ণ ও সংকীর্ণ পরিবেশে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হতো। এতে সেবা নিতে আসা মানুষকে নানা ধরনের বিরম্বনায় পড়তে হতো। বিশেষ করে বয়স্ক, নারী ও দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের বসার জায়গা ও সেবা পেতে সমস্যা হতো। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নবনির্মিত ভবনটিতে দাপ্তরিক কাজ চালু হওয়ার ফলে ভূমি সেবায় নতুন মাত্রা যোগ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মানিকগঞ্জ কার্যালয়ের বাস্তবায়নে ৮৮ লাখ ৯৭ হাজার ৯২৭ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এ নির্মাণকাজ সম্পন্ন হয়। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ভবনটিতে ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কক্ষ ও অবকাঠামো রয়েছে।
ভূমি ব্যবস্থাপনায় বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপের কথা উল্লেখ করে স্থানীয়রা বলেন, নবনির্মিত ভবনে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
বিশেষ করে নামজারি, খাজনা আদায়, পর্চা ও বিভিন্ন ভূমিসংক্রান্ত আবেদন সংক্রান্ত সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পাওয়া যাবে। সেবাগ্রহীতারা এখন সুশৃঙ্খল পরিবেশে বসে সেবা নিতে পারবেন, এতে হয়রানি কমবে এবং কাজের গতি বাড়বে।
একই সঙ্গে উন্নত পরিবেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিকদের সেবার মান বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। কর্মকর্তা-কর্মচারীরাও উন্নত কর্মপরিবেশে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন। অল্প সময়ের মধ্যে নতুন ভবনের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
ভোরের আকাশ/রই