শ্রীপুরে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের ব্যাপক গণসংযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ । শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ব্যস্ততম মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় এ গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন। নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কাছে দলের নীতি, কর্মসূচি এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
নেতারা বলেন, জনস্বার্থমূলক উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। তারা এলাকার সড়কব্যবস্থা, পরিষেবা, নিরাপত্তা এবং যুবসমাজের উন্নয়নমুখী কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ভোট পরিবেশ বজায় রাখতে সকলের সহায়তা কামনা করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা উন্নয়নমূলক বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ