শহীদ জিয়া স্বাস্থ্যখাতের যে উন্নতি করেছেন তা অবিস্মরণীয়

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়া জেলা কমিটির সম্মেলন ও সাইন্টিফিক সেমিনার শনিবার রাতে শহরের হোটেল লা- ভিলায় অনুষ্ঠিত হয়। ডেন্টাল সোসাইটি বগুড়া জেলা কমিটির আহবায়ক ডা: আশিক ইকবাল মাহমুদ স্বাধীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেন্টাল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডা: পরিমল চন্দ্র মল্লিক।
ডেন্টাল সোসাইটি জেলা কমিটির সদস্য সচিব ডা: আবু মো. ইউসুফ হাসান মামুনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেন্টাল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ডা: আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মুস্তাফিজার রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সজিব তরফদার, ডা: কামরুল হাসান, ডা: আতিকুর মাহমুদ, ডা: ওয়াহিদুল ইসলাম, বিএমএ বগুড়ার আহবায়ক ডা: আজফারুল হাবিব রোজ, বগুড়া সিভিল সার্জন ডা: খুরশিদ আলম, রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, ওমর খৈয়ম চৌধুরী, আব্দল্লাহ আল কাফি, মসলেহ্ উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর পরিমল চন্দ্র মল্লিক বলেন, আওয়ামী লীগের শাসনকালে দেশের মেডিকেল শিক্ষায় ধ্বংস নেমেছিল। গত ১৭ বছর দেশে স্বাস্থ্য খাতের কোন উন্নয়ন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ে রাষ্ট্র শাসনকালে স্বাস্থ্য খাতের যে উন্নতি করছে তা অবিস্মরণীয়। বিএনপি সরকার বাংলাদেশের চিকিৎসা খাতকে উন্নয়নের দিকে ধাবিত করতে দেশে ৮টি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী সময়ে দেশে অনেক বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেগুলোর গুণগত মান স্বাস্থ্য খাতের উন্নয়নের পক্ষে নয়।
সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক ডা: পরিমল চন্দ্র মল্লিক বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়া জেলা কমিটিতে ডা: আশিক ইকবাল মাহমুদ স্বাধীনকে সভাপতি ও ডা: আবু মো. ইউসুফ হাসান মামুনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট অংশিক কমিটি ঘোষণা দেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
ভোরের আকাশ/জাআ