ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও গুলিসহ সাব্বির মোল্লা নামে এক ডাকাত দলের সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পরে আটককৃত ডাকাতের স্বীকারোক্তি মোতাবেক আরেক ডাকাতকে আটক করে পুলিশ।
গণপিটুনি শিকার আটককৃত ব্যক্তি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পারকুল গ্রামের সাবু মোল্লার ছেলে সাব্বির হোসেন মোল্লা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।
ডাকাতদল প্রস্তুতি নেওয়ার সময় বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী একজনকে ঘেরাও করে ফেলে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হন।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে রাতেই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়ে জনতা হাত থেকে সাব্বির হোসেন মোল্লা নামে এক ডাকাতকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামের জিয়া মন্ডলের ছেলে রাসেল মন্ডল কে একটা চাপাতিসহ আটক করা হয়।
ভোরের আকাশ/মো.আ.